মাগুরায় অপমানের প্রতিশোধ নিতে শিশুকে নৌকায় বেঁধে ডুবিয়ে হত্যা

মাগুরায় মাহিদ নামে ৭ বছরের একটি শিশুকে নৌকায় বেঁধে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত নবগঙ্গা নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়েছে। সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ না পেয়ে রোববার সকাল থেকে আবারও নতুন করে তল্লাশি চলছে।

পুলিশ জানা যায়, গত ৭ অক্টোবর সকালে মাগুরার সদর উপজেলার বারাশিয়া গ্রামের মজিরুল মোল্যার ছেলে মাহিদ নিখোঁজ হয়। ওইদিনই শিশুটির বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করে। কিন্তু পরদিন মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় তার কাছে।

ফোনের সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে ওই গ্রাম থেকেই অষ্টম শ্রেণি পড়ুয়া রোহান (১৪) নামে এক কিশোর এবং তার বাবা ইমরান আলি আসলামকে আটক করে।

পরে কিশোর রোহান পুলিশের কাছে স্বীকার করে, সে হনুমান দেখতে যাওয়ার কথা বলে মাহিদকে বাড়ির সামনে থেকে নিয়ে যায়। তাকে বাড়ির পাশের নবগঙ্গা নদীর ঘাটে নিয়ে আগে থেকে ভিড়িয়ে রাখা একটি ডিঙি নৌকায় বেঁধে ডুবিয়ে দেয়া হয়। রোহান নিখোঁজ শিশুটির প্রতিবেশী। কিছুদিন আগে রোহানের বাবাকে শিশু মাহিদের বাবা অপমান করায় তার প্রতিশোধ নিতে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।

তবে তাদের মধ্যে পুরনো কোনো শত্রুতা নেই বলে জানিয়েছেন নিখোঁজ মাহিদের চাচা নিরো মোল্যা।

বার্তাবাজার/আর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর