আজ রবিবার (১১ অক্টোবর) ঢালিউড ‘কুইন’ খ্যাত অপু বিশ্বাসের জন্মদিন। এদিনে মায়ের স্মৃতিতে কাতর তিনি। বড় পর্দায় আগের মতো উপস্থিতি নেই অপু বিশ্বাসের। তবে বিয়ে, ধর্ম পালন ও স্বামী-সন্তান নিয়ে নিয়মিত আলোচনায় রয়েছেন তিনি।
অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে তার জন্ম। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।
বাবা মায়ের অনুপ্রেরণায় স্কুল জীবন থেকেই নাচের সঙ্গে যুক্ত ছিলেন অপু বিশ্বাস। নাচের সূত্রেই তার অভিনয়ে যুক্ত হওয়া। ২০০৪ সালে প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অপু বিশ্বাসের। তবে নায়িকা হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ ২০০৬ সালে। সে বছর এফ আই মানিক পরিচালিত তার ‘কোটি টাকার কাবিন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি।
এরপর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
১৫ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ৮০টির মতো সিনেমায় অভিনয় করেছেন।
কাজের স্বীকৃতি স্বরূপ বাচসাস, মেরিল-প্রথম আলো পুরষ্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন অপু বিশ্বাস।
বর্তমানে অপু বিশ্বাস অভিনীত ও দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার নায়ক হয়েছেন বাপ্পি চৌধুরী।
বার্তাবাজার/কে.জে.পি