ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসনাবাদ ঔষধ ফ্যাক্টরীর মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওয়েল্ডিং এর দোকানের আগুনের ফুলকি পাশের দোকানে থাকা তেল, মোবিল ও অকটেনের মধ্যে পড়ে। এতে আগুনের উৎপত্তি শুরু হয়। এসময় দোকানে থাকা বিপুল পরিমান মোবিল ও অকটেন পুড়ে যায় এবং বেশ কয়েকটি সিলেন্ডার গ্যাসও বিস্ফোরন হয়। অতিদ্রুত সময়ে সেই আগুন দোকনগুলোর সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে লেগে ট্রান্সফরমার বিস্ফোরন হয়ে আগুন আরো বেড়ে যায়। এতে করে ওয়েল্ডিং এর দোকান, হার্ডওয়ার এর দোকান ও তেল-মবিল-অকটেন এর দোকানসহ মোট ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ঢাকা জোন-৫ এর ৪ টি ইউনিটসহ মোট ৬ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।
বার্তা বাজার / ডি.এস