সিলেটে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে গোয়াইনঘাটের জাফলং এলাকার পিয়াইন নদ থেকে ওই ভারতীয়র লাশ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহ ভারতীয় কোনো খাসিয়া নাগরিকের। মরদেহটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ও বিজিবির সদস্যরা নদ থেকে মরদেহটি উদ্ধার করেন।
ভারত থেকে নেমে আসার সময় ডাউকি নদে পড়ে স্রোতের টানে হয়তো মরদেহটি বাংলাদেশ সীমান্ত নদ পিয়াইন নদে ভেসে এসেছে বলে জানায় পুলিশ। পরে বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দুপুরে জাফলং জিরো পয়েন্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।
বার্তা বাজার / ডি.এস