কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আজ (শনিবার) উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনারপাড়া চেকপোস্টে অভিযানে এসব রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজারের এপিবিএন-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতরা কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের সাথে জড়িত ছিল। তারা গ্রেফতার হতে পারে এই ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। আজ (শনিবার) সকালে চারটি রামদাসহ চার জনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে তারা জড়িত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮) ও মো. রফিক (৩০)। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।
অপরদিকে, শনিবার সকালে উখিয়ার সোনারপাড়া চেকপোস্টে তল্লাশিকালে ১২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তারা হলেন এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াছের (২১), উসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮) ও মো. রফিক উল্লাহ (৩০)।
বার্তাবাজার/এসজে