দিনাজপুরের পার্বতীপুরে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজু (১৮) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। আজ (শনিবার) সকালে পার্বতীপুর শহরের পশে অবস্থিত তিলাই নদীর শহীদ ইব্রাহিমপুর এলাকায় তিনি নিখোঁজ হলে দুপুর ২টায় তার লাশ উদ্ধার করা হয়।
সাজু শহীদ ইব্রাহিম নগরের মোমিনুল ইসলামের ছেলে। তিনি আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পার্বতীপুর পৌরসভা শাখার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জানা যায়, শহরের শহীদ ইব্রাহীম নগর মহল্লার মোমিনুল ইসলাম ও তার ছেলে সাজু শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের তিলাই নদীতে মাছ ধরতে যান। জাল দিয়ে মাছ ধরার একপর্যায়ে বাবাকে সাহায্য করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান ছেলে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন দুপুর ২টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান সাজুর মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এসজে