মদ পান করে মাতলামি করায় সালাউদ্দিন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা শিয়াডাঙ্গা মোড়ে পুলিশের চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃসালাউদ্দিন (৪০) প্রায়ই মদ খেয়ে মাতলামি করেন। এবং মদের বোতল পকেটে নিয়ে কাশিয়াডাঙ্গা পুলিশ চেকপোস্টের সামনে মাতলামি করতে থাকেন। মাতলামি অবস্থায় পথচারীদের অশ্লীল ভাষায় উচ্চ স্বরে গালাগালি করতে থাকেন। এসময় স্থানীয় জনতা আ. লীগ নেতা সালাউদ্দিনের মাতলামিতে ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেয়।
পরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে মাতাল অবস্থায় সালাউদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। এসময় তার পকেট থেকে একটি মদের বোতল উদ্ধার করে পুলিশ।
কাশিয়াডাঙ্গা থানার ওসি জানান , মাতাল অবস্থায় সালাউদ্দিনকে পুলিশ আটক করে মেডিকেল পরীক্ষার জন্য রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মদ খেয়ে মাতলামি করার অপরাধে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ আরও জানান, শনিবার (১০ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে সালাউদ্দিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এমআর