ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ছানোয়ার শেখ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছানোয়ার শেখ উপজেলার বানা ইউনিয়নের দীঘল বানা গ্রামের বাসিন্দা।
ওই এলাকার ইউপি সদস্য মো. অলিয়ার রহমান জানান, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ছানোয়ার শেখ তার নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে পার্শ্ববর্তী বেড়িরহাট বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পণ্ডিতের বানা নামক স্থানে একটি ব্রীজ অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল চালক ছানোয়ার মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজ ইসলাম খোকন বার্তা বাজারকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস