নানা আয়োজনে সাভারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

১০ অক্টোবর সারাবিশ্বে পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এরই ধারাবাহিকতায় ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ-অবাধ প্রবাহ’- প্রতিপাদ্য নিয়ে শনিবার (১০ অক্টোবর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দিবসটি পালিত হয়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‍্যালিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল কর্মকর্তা (আর.এম.ও) ডা. নুসরাত জাহান সাথী সহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভায় আর.এম.ও ডা. নুসরাত জাহান সাথী সহ সকল বক্তারা মানসিক স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার ব্যাপারে তাদের নিজ নিজ অভিমত তুলে ধরেন।

এসময় ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, আসলে স্বাস্থ্য বলতে তিনটি জিনিস বুঝায়। প্রথম হলো শারিরীক সুস্থতা, তারপর মন এবং সর্বশেষ হলো পারিপার্শ্বিক আন্তরিকতার বন্ধন। এই তিনটির মিশেলেই কিন্তু স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো থাকতে হলে তাই আপনার মন ভালো থাকতে হবে, আপনার পারিপার্শ্বিক মানুষের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে।

আর এজন্য মানুষের সাথে আন্তরিকভাবে মিশতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং মানুষকে ক্ষমা করে দিতে হবে। আর এগুলো করতে না পারলে আমরা কোনো না কোনোভাবে মানসিকভাবে বিপর্যস্ত হবো।

তবে অনেকেই এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিচ্ছেন না উল্লেখ করে ডা. সায়েমুল হুদা আরও জানান, অনেকেই মনে করেন সাইক্রিয়াটিস্ট দেখাবো, আমি কি পাগল? আবার অনেকে ঝাঁড়-ফুঁক, তাবিজ এসব ব্যবহার করছেন।

বিষয়টা অনেক দুঃখজনক উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের দেশে স্বনামধন্য সাইক্রিয়াটিস্টরা রয়েছেন এবং এই চিকিৎসা অত্যন্ত জরুরী। কারণ আমরা অনেকেই কোনো না কোনোভাবে মানসিক স্বাস্থ্যহীনতায় ভুগছি। এপ্রসঙ্গে ডা. সায়েমুল হুদা জানান, সারা বিশ্বে বর্তমানে প্রায় দুই কোটি ষাট লক্ষের অধিক মানসিক রোগী রয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রথমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটি পালন করা হয়। কিছু দেশে একে মানসিক রোগ সচেতনতা সপ্তাহের অংশ হিসেবেও পালন করা হয়ে থাকে।

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর, ২০২০) দিনটি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের জন্য ছিলো এক আলাদা আবেগঘন দিন। কারণ গত ৮ অক্টোবর এই সরকারি প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরিতে ‘হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড -২০১৯’ ( ” Health Minister’s award -2019′) পুরস্কার অর্জন করেছে। আর এই পুরস্কারপ্রাপ্তির পরে সকলের মিলনমেলা হিসেবে শনিবার ছিলো প্রথম কর্মদিবস।

এপ্রসঙ্গে আলোচনা সভায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এই বিরল অর্জন নিয়েও সকলে নিজ নিজ আনন্দ-উচ্ছ্বাস ব্যক্ত করেন।

এব্যাপারে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, ইতোমধ্যে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে সারা বাংলাদেশের ৪৬০টি উপজেলার মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে ১ম স্থান অর্জন করেছে। এখন বাংলাদেশের সেরা ১০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাটাগরিতে ‘হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড -২০১৯’ ( ” Health Minister’s award -2019′) পুরস্কার অর্জন করেছি আমরা।

এসময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্ম বীরদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, এই অর্জনে অনুপ্রেরণা প্রদানে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ও উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি ডাঃ মোঃ এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান সহ সকল উর্ধতন কর্তৃপক্ষ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ, পল্লী চিকিৎসক সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং ও সাভার উপজেলা বাসীর প্রতি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর