জয়পুরহাটের কালাই পৌর উপ-নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টকে মারধর করাসহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার।
ভোটগ্রহণ চলাকালে আজ শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।
আনিছুর রহমান অভিযোগ করে বলেন, ‘সবগুলো কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিতে গেলে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর লোকজন ভোট দিতে বাধা দিয়ে নিজেরাই নৌকা মার্কায় ভোট দিচ্ছেন। অভিযোগ করলেও প্রশাসন কোনো পাত্তাই দিচ্ছেন না।’
তিনি আরো বলেন, ‘ইভিএম পদ্ধতিতে এই প্রথম এলাকায় ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের অনেক বুঝিয়ে কেন্দ্রে নিয়ে এসেছি। কিন্তু প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগসাজস করে দলীয় মেয়রপ্রার্থী তৌফিকুল ইসলাম বেলালকে বিজয়ী করার জন্য কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছেন। এছাড়াও ভোটারদের আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নেতাকর্মীরা চাপ প্রয়োগ করে ভোট নিচ্ছেন।’
নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেনমেয়র প্রার্থী ছিলেন: কালাই পৌরসভার এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আনিছুর রহমান তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য: চলতি বছরের ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেলে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
বার্তাবাজার/কে.জে.পি