নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সোহাগ ও রাসেল নামে আরও দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে তারা এই জবানবন্দি দেন। এ নিয়ে এ মামলায় মোট চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
এ বিষয়ে জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকালে সোহাগ ও রাসেলকে জেলার ২ নং আমলি আদালতে তোলা হয়। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই দুই আসামির নাম উঠে আসায় তাদের গ্রেফতার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার আসামি আবদুর রহিম এবং ইউপি সদস্য মোজাম্মেল হোসেন সোহাগ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেফতার হওয়া আরও ৬ আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন।
বার্তাবাজার/এসজে