হত্যার পর নদীতে ভাসিয়ে দেয়া শিশু আব্দুল্লার মরদেহ উদ্ধার

পানিতে চুবিয়ে হত্যার পর বিষখালী নদীতে ভাসিয়ে দেয়া শিশু আব্দুল্লার (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিষখালী নদীর মোল্লারহোরা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আব্দুল্লাহকে পানিতে চুবিয়ে হত্যার পর বিষখালী নদীতে মরদেহ ভাসিয়ে দেয় তার দুলাভাই মোসলেম। আব্দুল্লাহকে হত্যার পর তার দেড় বছর বয়সী ছোট ভাই আফসানকে একই কৌশলে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার সময় স্থানীয়রা মোসলেমকে আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবুল মোল্লা জানান, সন্ধ্যায় বিষখালী নদীর মোল্লারহোরা এলাকায় বাদল নামে এক জেলে আব্দুল্লাহর মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

এ ঘটনায় নিহত আব্দুল্লাহর বাবা মো. ছগীর হোসেন বাদী হয়ে তার জামাই মোসলেমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় মোসলেমকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের জন্য শুক্রবার দুপুরে ডুবুরির মাধ্যমে বিষখালী নদীতে অনুসন্ধান চালানো হয়। কিন্তু ডুবুরিরা তার কোনো সন্ধান পাননি। পরে সন্ধ্যায় জেলেরা তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর