শাহবাগের মহাসমাবেশ থেকে লাগাতার অবস্থান ও লং মার্চের ঘোষণা

সারাদেশে চলমান ধর্ষণ ও ধর্ষণের বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করে লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে শাহবাগের ধর্ষণবিরোধী মহাসমাবেশ থেকে। আজ (শুক্রবার) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের স্মাওনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে আগামী ১৬ ও ১৭ অক্টোবর নোয়াখালী অভিমুখে লংমার্চের ঘোষণা দেয়া হয়।

মহাসমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে ধর্ষণের মহামারি চলছে। ধর্ষণের ৯০ ভাগ ঘটনার সঙ্গে সরকারদলীয় সমর্থকরা জড়িত। এখন আমাদের এই আওয়ামী দুঃশাসনের পাশাপাশি বিজ্ঞাপনে নারীদের পণ্য করার বিরুদ্ধেও লড়াই করতে হবে। আগামী ১৬ ও ১৭ অক্টোবর আমাদের লংমার্চ ও প্রতিদিনের লাগাতার অবস্থান কর্মসূচি সফল করতে ছাত্রজনতার এগিয়ে আসতে হবে। ছাত্রজনতার ঐক্যবদ্ধ লড়াই ছাড়া দাবি আদায় সম্ভব নয়

সমাবেশ থেকে প্রতিদিন বিকেল থেকে লাগাতার অবস্থান, ১১ অক্টোবর আলোকচিত্র প্রদর্শনী, ১২ অক্টোবর সাংস্কৃতিক সমাবেশ, ১৩ অক্টোবর চলচ্চিত্র প্রদর্শনী, ১৪ অক্টোবর নারী সমাবেশ, ১৫ অক্টোবর সাইকেল র‍্যালির ঘোষণা করা হয়।

মহাসমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নারী সংহতি,বাংলাদেশ ছাত্র ফেডারেশন, উদীচী শিল্পীগোষ্ঠী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, , গার্মেন্টস টিইউসিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর