দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি বলেছেন, ত্রাণ আত্মসাত করে কেউ ছাড় পাবে না। এবিষয়ে অভিযুক্ত জনপ্রতিনিধিরাও বর্তমান সরকারের আমলে বরখাস্ত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামে বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা ওমর ফারুক আল নোমানি প্রমুখ উপস্থিত ছিলেন।
তার মন্ত্রণালয়ে ত্রাণ চুরির কোন সুযোগ নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তবে করোনাকালে ত্রাণ চুরি বা হেরফেরের ঘটনার ৫৫-৬৫ টি অভিযোগ তারা পেয়েছেন। যেগুলো মূলত খাদ্য মন্ত্রণালয়ের ১০ টাকা কেজির চাল, টিসিবি’র পণ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি’র কার্ড। তবে এসব অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিও বরখাস্ত হয়েছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়া মানুষদের জন্য শুধু টিন নয় পাকা বাড়ি র্নির্মাণ করে দেয়ার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সেই লক্ষ্যে ৮ লক্ষ ৮৩ হাজার ৩৩টি ঘর নির্মাণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং ইতোমধ্যে ৫৯ হাজার ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস