রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে নিকুঞ্জের একটি বাসায় রোফিকা রুমা ইতি (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের ভাই দাবি করেছেন তাকে খুন করা হয়েছে। তবে ইতির স্বামীর দাবি আত্মহত্যা করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতর সুরতহাল প্রতিবেদনকারী খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আ. ছামাদ বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্বামী মো. জামাল হোসেন ও ছেলে এহসান হোসেন ইজাজকে (৪) সঙ্গে নিয়ে নিকুঞ্জ-২ জামতলা টানপাড়া মতিউর রহমানের দ্বিতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। সাড়ে ৫ বছর আগে তাদের বিয়ে হয়। আগে চাকরি করলেও বর্তমানে বেকার ইতি। তার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। ইতি বগুড়া শীবগঞ্জ উপজেলার গণকপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে।

এ বিষয়ে নিহতের বড়ভাই সাংবাদিক হুমায়ুন কবির রোজ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ‘আমার বোন মানসিকভাবে খুবই শক্ত ছিলো। স্বামীর বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বারান্দায় হাঁটু গাড়া অবস্থায় গলায় ফাঁস লাগানো ছিলো, তাদের পারিবারিক কিছু সমস্যা হচ্ছিলো। সবকিছু বিবেচনা করে আমাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না সে আত্মহত্যা করেছে। বিষয়টি রহস্যজনক, তাকে হত্যা করা হয়েছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর