আলফাডাঙ্গায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ‘বন্যা আশ্রয়কেন্দ্র’

প্রাকৃতিক দুর্যোগ কালীন সময়ে বিপদাপন্ন মানুষ ও তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণী সম্পদের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে বন্যা আশ্রয়কেন্দ্র।

আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। ইতিমধ্যে এর নির্মাণ কাজ শুরু হয়েছে। ভবনটির নির্মাণ কাজ করছেন জেলার নগরকান্দা উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রেজাউল ফকির জেভি’।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্যাপ্রবণ ও নদীভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পটির আওতায় বন্যা আশ্রয় কেন্দ্রটি বাস্তবায়ন করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১৯-২০২০ অর্থ বছর থেকে বন্যা আশ্রয় কেন্দ্রটির কাজ শুরু হলেও শেষ করতে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে।

ত্রি’তল বিশিষ্ট ভবনের গ্রাউন্ড ফ্লোর থাকবে ফাঁকা। প্রথম তলায় গবাদি পশু, হাঁস-মুরগি, মালামাল রাখার ব্যবস্থার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় তলায় দুর্যোগের সময় নারী-পুরুষ-শিশু আশ্রয় নিতে পারবে। আশ্রয়কেন্দ্রে মোট ৪০০জন নারী-পুরুষ-শিশু ও ১০০টি গবাদিপশু ধারণ ক্ষমতার এ ভবনে খাবার পানির জন্য গভীর নলকূপ অন্যান্য কাজে ব্যবহারে জন্য অগভীর নলকূপ, বাথরুম এবং পানি উঠানোর মটর বসানো হবে। রাতের বেলা সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হবে ভবন। দুর্যোগবিহীন সময়ে এ ভবনটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করা এবং প্রকল্প এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি হবে।

স্থানীয়রা জানান, এই প্রথম উপজেলায় এ ধরনের আশ্রয়কেন্দ্র নির্মাণ হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ দেখা দিলে অনেক পরিবার এখানে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীরা এখানে পড়া-লেখার সুযোগ পাবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বার্তা বাজারকে জানান, ‘প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে আক্রান্ত মানুষের জীবন, প্রাণী সম্পদ ও অন্যান্য সম্পদ রক্ষার পাশাপাশি আশ্রয়কেন্দ্রটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বহুমুখী ব্যবহারের উপযোগী এবং প্রকল্প এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করবে।’

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বার্তা বাজারকে বলেন, ‘আশ্রয় কেন্দ্র নির্মাণে যথাযথভাবে তদারকি করা হয়েছে এবং হচ্ছে। ঠিকাদারের কাজের ব্যাপারে কোন ধরনের গাফিলতি বা অনিয়ম হলে প্রশ্রয় দেওয়া হবে না।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর