নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্তভার পাচ্ছে পিবিআই। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
এসপি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী শিগগিরই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দুটি মামলা পিবিআইতে স্থানান্তর করা হবে। নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে গত রবিবার রাতে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত ৬ জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে ৫ জনকে। মামলার দুই আসামী বৃহস্পতিবার ৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’
এদিন এ দুই মামলার ৩ নম্বর আসামি আবুল কালামের ৬ দিন এবং এক মামলায় মাঈনুদ্দিন সাহেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বার্তাবাজার/অমি