ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া বরিশালের বাকেরগঞ্জের চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে আজ রাতের মধ্যে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করে আগামী রোববার (১১ অক্টোবর) সশরীরে তাকে হাইকোর্টে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
শিশুদের আজ রাতের মধ্যেই তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে যশোরের জেলা প্রশাসককে (ডিসি) ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে আদালত।
একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি মো.মজিবুর মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে এ আদেশ দেন।
এর আগে, গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় চার নাবালক শিশুকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিশুদের ফাঁসানো হয়েছে বলে দাবি করেছিল স্বজনরা।
বার্তা বাজার / ডি.এস