কিশোরীকে ১৩ দিন আটকে রেখে ধর্ষণ করল আপন খালু

চাঁদপুরের ফরিদগঞ্জে এবার এক কিশোরী আপন খালু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, অভিযুক্ত কামরুল ইসলাম (৪০) ওই কিশোরীকে টানা ১৩ দিন আটকে রেখে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

দুই বছর আগে একবার ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত কামরুল। কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তীতে ভিডিওর ভয় দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ ২৫ সেপ্টেম্বর কিশোরীকে কৌশলে অপরহরণ করে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি বাসায় আটকে রাখে। সেখানে টানা ১৩ দিন কিশোরীটিকে ধর্ষণ করে।

পরে কিশোরীর পরিবার গত বুধবার রাতে রায়পুর উপজেলার নতুন বাজার এলাকা থেকে কামরুল ইসলামকে আটক করে এবং সেখান থেকে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে রাতেই ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, বুধবার রাতেই মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়। অন্যদিকে, ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর