শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক বাড়ানোর প্রস্তাব দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তবে সেটা দুই দিনের বেশী নয়। তাদের প্রস্তাবে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সায় দিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ২০২২ সালে চালু করার লক্ষ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি পাঠ্যসূচির খসড়া উপস্থাপন করা হয়। ওই খসড়া পাঠ্যসূচিতে সাপ্তাহিক ছুটি রাখা হয়েছে দুই দিন, অর্থাৎ শুক্রবারের সঙ্গে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব রেখেছে এনসিটিবি।
এ বিষয়ে এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আমরা ২০২২ সালের জন্য একটি পাঠ্যসূচি তৈরি করে তার খসড়া বৈঠকে উপস্থাপন করেছি। সেখানে আমরা সাপ্তাহিক ছুটি শুক্রবারের সঙ্গে শনিবার যোগ করেছি। এর ফলে আশা করি শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ থেকে কিছুটা মুক্তি পাবে।
কেএস/বার্তাবাজার