রাজধানীর পলাশী মোড়ে গুড়িয়ে দেওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে নির্মিত স্তম্ভের জায়গায় আবারও বাঁশ দিয়ে স্তম্ভ বানানো হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনে। বৃহস্পতিবার রাতে তার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের একদল কর্মী আটটি বাশেঁর খুঁটি গেঁড়ে দেন ওই স্থানে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে মঙ্গলবার মধ্যরাতে আখতার হোসেনের নেতৃত্বে পরিষদের নেতা-কর্মীরা আবারার ফাহাদ স্মৃতি সংসদ ব্যানারে ওই স্তম্ভ তৈরি করেন।
এর ফলকে লেখা ছিল ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেইসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন। পরে বুধবার রাতে তা ভেঙে দেওয়া হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেয়ার কারণেই স্থাপনাটি সিটি কর্পোরেশন ভেঙে ফেলেছিল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
বার্তাবাজার/এসজে