আগামীকাল (শুক্রবার) রাজধানীর শাহবাগে ‘মহাসমাবেশের’ ডাক দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’। পাশাপাশি একই সময়ে ও একই স্থানে ‘মহাসমাবেশের’ ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদের নতুন প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়ন বিরোধী ছাত্র জনতার মঞ্চ’।
আজ (বৃহস্পতিবার) দুপুরে শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি থেকে মহাসমাবেশের ডাক দেন এ প্ল্যাটফর্মের অন্যতম আহ্বায়ক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়।
এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট শুক্রবার বিকালে সারা দেশে সব শহীদ মিনারে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার থেকেই শাহবাগে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন।
বার্তাবাজার/এসজে