বগুড়ার সারিয়াকান্দিতে সাইফুল ইসলাম শফিকুল (৫৫) নামে এক স্কুল শিক্ষকের দু’পায়ের রগ কেটে দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আজ (বৃহস্পতিবার) ভোরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ষত ওই শিক্ষক উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত হাইতুল্যা প্রামানিকের ছেলে এবং গাবতলী উপজেলার দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হসাবে কর্মরত আছেন।
পুলিশ জানায়, বুধবার সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি তিনি। বৃহস্পতিবার ভোরে মাঝবাড়ী গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দু’পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত শফিকুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় শফিকুলকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক মাহবুব হাসান জানান, স্থানীয় বাসিন্দাদের কাছে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অজ্ঞান থাকায় এই হামলার প্রকৃত কারণ এবং হামলাকারীদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। অপরাধীদের চিহ্নিত করা গেলে আটক করা হবে।
বার্তাবাজার/এসজে