মালিককে তার নিজ বাড়ি থেকে বের করে দিয়ে তা দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে লক্ষ্মীপুরের জেলার রায়পুরে। এছাড়াও ভুয়া কাগজ দেখিয়ে বাড়িটি দখলে নিতে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন ঐ ভাড়াটিয়া।
এ বিষয়ে বাড়ি মালিক সলেমান জানান, রায়পুর পৌর শহরের ১নং ওয়ার্ডের খেঁজুরতলা নামক স্থানে টাকুয়ার চর গ্রামের মো. সলেমান ও পৌনসভার পূর্বলাছ গ্রামের হানিফ নামে দুজন যৌথভাবে ২০১৯ সালের ৪ নভেম্বর জাহানারা বেগমের কাছ থেকে বাড়িসহ সাড়ে ৪ শতাংশ জমি কিনে নেন।
খরিদকৃত সম্পত্তি দু’ভাগে বিভক্ত করে একাংশে মো. হানিফ গংরা বসবাস শুরু করেন। অপর অংশীদার মো. সলেমান তার অংশ ভাড়া হিসেবে জমি বিক্রয়কারী জাহানারা বেগমের অনুরোধে ভাড়ায় থাকতে দেন।
আর এই ভাড়ায় থাকতে দেয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে। এক পর্যায়ে বাড়ি বিক্রি করেননি বলেও মামলা করেছেন বিক্রেতা জাহানারা বেগম। জমির মালিক মো. সলেমান গংরা যখন বসবাস আরম্ভ করেন ঠিক তখনই ভাড়াটিয়া জাহানারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে তাদের বাসা থেকে বের করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কাউন্সিলর আহসান উল্লা জানান, জাহানারা বেগম এতটাই উচ্ছৃঙ্খল যে, তাকে কিছু বলতে গেলেই সে নারী নির্যাতন মামলা দায়ের করার হুমকি দেয়।
সম্প্রতি বাড়ির খরিদকৃত মালিকদের বিরুদ্ধে দেওয়ানি আইনে মামলা দায়ের করেছেন জাহানারা বেগম। হুমকিও দেন যে বেশি বাড়াবাড়ি করলে নারী নির্যাতন মামলাও দেয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত জাহানারা বেগমের বক্তব্য জানতে গেলে তিনি কোনো কথা বলবেন না বলে বাড়ির দরজা বন্ধ করে দেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, বাড়ি দখল নিয়ে উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেএস/বার্তাবাজার