ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রের জন্য মাদকের মতো ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন মাদক মানুষের শরীরের জন্য যেমন ক্ষতিকর তেমনি আওয়ামী লীগও বাংলাদেশের জন্য ক্ষতিকর। যেভাবে এই বাংলাদেশ স্বাধীন হইছে সেভাবেই আর একবার এই লড়াই করতে হবে এবং প্রয়োজনে চিরজীবনের জন্য আওয়ামী লীগকে এ দেশ থেকে বিদায় নেওয়াতে হবে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে আলাল এসব কথা বলেন।
আলাল আরো বলেন, ১৯৭২, ১৯৭৫ সালে শহীদ মিনারে নারীদের লাঞ্ছিত করেছিল কারা? রাতের অন্ধকারে নারীরা শহীদ মিনারে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এই ছাত্রলীগ যুবলীগের অত্যাচারে কারণে নারীরা দিনের আলোর জন্য অপেক্ষা করতো। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এমন কাণ্ড ঘটেছিল। একজন অভিভাবকের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের চাপে পরে তাকে মুক্ত করা হয়। আর এখনো আওয়ামী লীগ সেই একই ধারাবাহিকতায় এগিয়ে চলছে।
নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন প্রমুখ।
বার্তাবাজার/এমআর