দেশে অনলাইন ভিত্তিক জনপ্রিয় অ্যাপগুলোর মাঝে বিশেষ জায়গা দখল করে নিয়েছে লাইকি, টিকটক ও বিগো লাইভ অ্যাপ। এবার সেগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন রেজিস্ট্রি ডাকযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।
এ বিষয়ে আইনজীবী জে আর খান জানান, এসব অ্যাপের ব্যবহার তরণ প্রজন্মকে বিপথগামী করছে। নষ্ট হচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তরুণ ও কিশোররা গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে, হয়ে উঠছে সহিংস। এই আ্যপসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে।
তিনি আরও জানান, বিগো-লাইভ আ্যপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়ে এবং যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেওয়া হয়। এই আ্যপের ক্ষতিকর দিক বিবেচনা করে ভারত ও পাকিস্তান এই আ্যপটি নিষিদ্ধ করেছে।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, টিকটকের মাধ্যমে অনেক কিশোর-তরুণ উদ্ভট রঙে চুল রাঙিয়ে এবং ভিনদেশী অপসংস্কৃতি অনুসরণ করে ভিডিও তৈরি করছেন, যাতে সহিংস ও কুরুচিপূর্ণ কনটেন্ট থাকে। এসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে।
বার্তাবাজার/এসজে