সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে কয়েক’শ প্রতিবাদী নারী। এ সময় তারা ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করে।
দেবীগঞ্জ উপজেলা নারী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বর থেকে একটি ঝাড়ু মিছিল বের করা হয়।
মিছিলে ঝাড়ু নিয়ে কয়েকশ নারী অংশ নেয়। মিছিলটি দেবীগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সেখানে সম্প্রতি ধর্ষণে অভিযুক্ত ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ নারীরা।

এর আগে বিজয় চত্বরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রওশন আরা চিশতী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার একে ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, সমাজসেবক এবিএম আশাদুল আলম প্রধান লিটন, যুব মহিলালীগের সাধারণ সম্পাদক লুৎফা বেগম।
এ সময় বক্তারা সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কেএস/বার্তাবাজার