চিপস দেয়ার প্রলোভনে তিন বছরের শিশুকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার
ময়মনসিংহের তারাকান্দায় তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১৪। সকালে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে ধর্ষক জাহাঙ্গীরকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে র্যাব-১৪’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন।
তিনি বলেন, গত ৪ অক্টোবর তারাকান্দা উপজেলার রামপুর চারিয়া এলাকায় সাড়ে তিন বছরের এক শিশুকে চিপস দেয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে জাহাঙ্গীর। ঘটনার পরপরই শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরবর্তীতে ওই শিশুটি রাতে ব্যথায় চিৎকার ও কান্নাকাটি করলে তার মা তাকে স্থানীয় চারিয়া বাজারের এক পল্লী চিকিসককে এনে প্রাথমিক চিকিৎসা নেন। পরদিন ভোরে ধর্ষণকারীর বাবা হাসিম উদ্দিনকে বিষয়টি জানালে তারা বিষয়টিকে কোন গুরুত্বই দেয় নি। পরে ৬ অক্টোবর তারাকান্দা থানায় ওই ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির মা।
র্যাব-১৪’র সদর ব্যাটালিয়নের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান চিহ্নিত করে অভিযান চালায়।
বৃহস্পতিবার সকাল ৬ টায় এ অভিযানে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে মামলার একমাত্র ও প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পরে গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান র্যাব-১৪’র অধিনায়ক।