চট্টগ্রামের উন্নয়নে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: তাজুল ইসলাম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ সার্বিক উন্নয়নে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রামের উন্নয়নের লক্ষ্যে জলাবদ্ধতা নিরসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ও বানিজ্যিক রাজধানী। এখানে রয়েছে বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনা। এর পরিপূর্ণ বিকাশে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

এজন্য কর্ণফুলী নদী পাড়ে অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং জলাবদ্ধতা নিরসন সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে সক্রিয় হতে হবে। রাস্তাঘাট মেরামত ও পুনঃনির্মাণের কাজ সহ যা যা সমস্যা আছে তা যথাসময়ে শেষ করতে হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প নেওয়া আছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য পূর্ত মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয়, সিডিএ এবং সিটি করপোরেশনসহ সবাই দায়িত্বপ্রাপ্ত। সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে চট্টগ্রামের আরো যেসব সমস্যা আছে তা চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে।

বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান, বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম চৌধুরী, সিডিএ’র প্রধান প্রকৌশলী হাসান বিন শামস সহ প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর