ছাত্র ইউনিয়নের ধর্ষণ বিরোধী আন্দোলনে জামায়াত নেতা!

দেশে চলমান ধর্ষণবিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়নের সমাবেশে জামায়াত-শিবিরের উপস্থিতি আন্দোলনের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ছাত্র ইউনিয়নের মতো ভিন্নধর্মী একটি রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে শাহবাগমুখী হওয়ার সুযোগ করে দিয়েছে।

আর ছাত্রলীগ বলছে, প্রধানমন্ত্রীকে টার্গেট করে মাঠে নেমেছে ছাত্র ইউনিয়ন ও ছাত্র অধিকার পরিষদ। তবে ছাত্র ইউনিয়ন বলছে, জামায়াত-শিবিরের অনুপ্রবেশের ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকবে।

সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে মাঠে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। গত সোমবার শাহবাগে ছাত্র ইউনিয়ন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তৃতা দেন জামায়াতের বি টিম হিসেবে পরিচিত আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির যুগ্ন আহ্বায়ক আব্দুল ওহাব মিনার।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ছাত্র ইউনিয়নের মতো ভিন্নধর্মী একটি রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে শাহবাগমুখী হওয়ার সুযোগ করে দিয়েছে। এতে করে, তারা আদর্শহীনতার পরিচয় দিয়েছে। এমনকি সামাজিক আন্দোলনটি বর্তমানে রাজনৈতিক আন্দোলনে রূপ নিচ্ছে বলেও অভিযোগ তাদের।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ‘আব্দুল ওহাব মিনার সমাবেশে যোগ দিয়ে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেননি। কিন্তু, রাতের বেলা যখন এবি পার্টির ফেইসবুক পেজে তার বক্তৃতার ভিডিও আপলোড করা হয় তখন আমরা জানতে পারলাম তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক।’ আন্দোলনে যোগ দেয়া অনেককেই তারা চেনেন না বলেও জানান অনিক রায়।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনের নামে আসলে সরকার বিরোধী আন্দোলন চলছে। ইতিমধ্যে তা সবার কাছে পরিষ্কার হয়েছে। এই ইস্যুকে কাজে লাগিয়ে তারা সরকার বিরোধী চক্রান্ত করছে।’

তবে, পুলিশ বলছে সামাজিক আন্দোলনকে পুঁজি করে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর