ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় সর্বস্তরের জনগণের মানববন্ধন

সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশব্যাপী ধর্ষণ, নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় জমায়েত হয়ে ফেস্টুন ও ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানব প্রাচীর তৈরি করে এ মানববন্ধন করেন। প্রায় ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেন উপজেলার সাংস্কৃতিক সমাজ, সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন মানবাধিকার সংস্থা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই।

এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তৃতা দিতে গিয়ে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন ও হেনস্তার শিকার হচ্ছে। নরপশুদের হিংস্রতায় রাস্তাঘাট, বাজার, কর্মস্থল ও বাড়িঘরসহ কোথাও তারা নিরাপদ নয়।

নোয়াখালীর বেগমগঞ্জ সহ দেশের সকল নারী নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর