বাসায় ঢুকে সেনা সদস্যের স্ত্রীকে কুপিয়ে হত্যা

শেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে সুরভী আক্তার(৩০) নামের এক সেনাসদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ওই এলাকার নিজ বাসার উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুরভী আক্তার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শফিউল্লাহর মেয়ে ও শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম আহমেদের স্ত্রী।

জানা যায়, প্রায় ১২-১৩ বছর পূর্বে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের সেনা সদস্য নাজিম আহমেদের সাথে বিয়ে হয় সুরভী আক্তারের। প্রায় ৩ বছর আগে শহরের কসবা মোলাপাড়া এলাকায় জমি কিনে আধাপাকা বাড়ি করে সেখানেই বসবাস করে আসছিলেন নাজিম আহমেদ। ১ বছর আগে মিশনে সুদান চলে যান নিহত গৃহবধূর স্বামী নাজিম আহমেদ। এর পর থেকে ওই বাসায় ২ মেয়েকে নিয়ে একাই থাকতেন সুরভী আক্তার।

গতকাল বুধবার রাতে কোন এক সময় দূর্বত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বাসার উঠানে সুরভী আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

এসময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেলেও বাড়ির কোন জিনিস হারিয়ে যায়নি বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, খুব দ্রুতই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর