মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সেই পুলিশ অফিসার ডেরেক চাওভিন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আদালতের রেকর্ড অনুযায়ী, জামিনের জন্য ১০ লাখ ডলারের বন্ড দিয়েছেন চাওভিন। স্থানীয় সময় বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক ফ্লয়েড হত্যার দায়ে ইতোমধ্যে বরখাস্ত হয়েছেন চাওভিনসহ আরো ৩ মার্কিন পুলিশ কর্মকর্তা। ফ্লয়েড হত্যায় ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত ৪ জনই এখন জামিনে রয়েছেন।
আগামী মার্চে ফ্লয়েড হত্যা মামলায় আবারো বিচারের মুখোমুখি হবেন জামিনে থাকা এই ৪ জন।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করে চাওভিন। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, বেশ কয়েক মিনিট ধরে ফ্লয়েডের ঘাড়ের ওপর হাঁটু গেড়ে বসে থাকেন চাওভিন। ফ্লয়েড বারবারই বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না।পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে পুরো দেশজুড়ে। প্রতিবাদ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বাইরেও।
বার্তাবাজার/কে.জে.পি