বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স পদে ৬০০ জনকে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বুধবার (৭ অক্টোবর) বিএসএমএমইউ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজ; গার্হস্থ্য অর্থনীতি কলেজ; আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোড; সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও; তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নার্স নিয়োগকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন গুজব ছড়িয়ে প্রতারণা বা জালিয়াতির পরিবেশ তৈরি না করতে পারে, সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ডিজিএফআইয়ের মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এসবি), ডিএমপি কমিশনার বরাবরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে অবহিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
নার্স নিয়োগকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক ও অবৈধ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে