ফরিদপুরে প্রবীণ আওয়ামীলীগ নেতা খান মোমিনুল ইসলাম (নান্নু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তার পুত্র বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম (মোস্তাক) বার্তা বাজারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খান মোমিনুল ইসলাম (নান্নু) জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের সন্তান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও আত্মীস্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত এই আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন।
ফলে বাংলাদেশ ছাত্রলীগের (১৯৬৪-১৯৬৭) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ কে ফজলুল হক হল শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা সংগ্রাম অর্জনের বিভিন্ন আন্দোলনের অগ্রনায়ক ছিলেন তিনি।
ছয়দফা আন্দোলন, আইয়ুব সরকার বিরোধী আন্দোলনের আসামি হয়ে বারংবার কারাবরণ করতে হয়েছে তাকে। কর্মজীবনে খান মোমিনুল ইসলাম (নান্নু) বাংলাদেশ ফিলিপস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামিলীগের সাবেক উপদেষ্টা ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রবীণ এ রাজনীতিবীদের মৃত্যুতে আওয়ামীলীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
কেএস/বার্তাবাজার