এবার সেই সূবর্ণচরে এক গৃহবধূর ৪ টুকরা লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নারকীয়ভাবে নির্যাতনের ঘটনার পরপরই এবার একই জেলার সূবর্ণচরে নুরজাহান বেগম (৪২) নামের এক গৃহবধূর চার টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত সংসদ নির্বাচনের সময় এই উপজেলায় এক নারীকে সন্তানদের সামনে গণধর্ষণ করার ঘটনা বেশ আলোচিত হয়েছিল দেশব্যাপী।

আজ (বুধবার) বিকাল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নূর জাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে গিয়ে টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে তিনি মরদেহের পাশে শামুকের ব্যাগ দেখে মায়ের মরদেহ শনাক্ত করেন।

চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, ওই গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তার মাথা আর কোমরের অংশ রয়েছে। বুক ও পায়ের অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর