ধর্ষণের বিরুদ্ধে মিছিল করায় শিক্ষার্থীকে ছাত্রলীগের পিটুনির অভিযোগ

সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে মিছিলে অংশ নেওয়ায় সিলেটের জুড়ীতে শাহাব উদ্দীন (২৭) নামের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ ওঠেছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে জুড়ী উপজেলার নাইট চৌমূহনা এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনায় অভিযোগ করা হয়েছে জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ ইকবাল ভূঁইয়ার নেতৃত্বে তাকে পেটানো হয়েছে।

জানা যায়, সম্প্রতি এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা সংগঠিত গণধর্ষণসহ সারাদেশে ধর্ষণকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার জুড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এর জের ধরে জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী মিলে শাহাব উদ্দিন (২৭) নামের ওই শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী শাহাব উদ্দিন বলেন, জুড়ীতে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল হয়। সেটিতে আমিও ছিলাম।
এই টার্গেট নিয়ে দুপুরে জুড়ী বাজারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল ও সাধারণ ইকবাল ভূঁইয়া আমার মোটরসাইকেলে উঠে। বলে আমার সাথে কথা আছে। চা খেতে খেতে বলা যাবে। এই বলে তারা আমাকে নাইট চৌমুহনায় নিয়ে যায়। ওখানে আগে থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমার উপর অতর্কিত হামলা চালায়। তাদের মারধরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আমার মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেল বিষয়টি অস্বীকার করে বলেন এরকম কোনো ঘটনা ঘটেনি।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। বিকেলে চৌমুহনায় একটি মোটরসাইকেল পেয়েছি। মালিকানা যাচাইয়ের জন্য মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর