নোয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গতকালের পর জেলায় আজও ২য় দিনের মতো কুড়িগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বুুধবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন করে সম্মিলিত শিক্ষার্থী ও গ্রীন ভয়েসসহ কয়েকটি সংগঠন। এতে বক্তব্য রাখেন মুনিরা ইসলাম, আশিক রহমান, দুলাল বোস, কলি আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলে দেশব্যাপী নারীদের উপর জুলুম ও অত্যাচারের মাত্রা অনেক কমে আসবে। এদিকে উলিপুরে ১২টি সংগঠনের যৌথ আয়োজনে ধর্ষন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের গবা মোড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের প্রায় পাঁচশতাধীক জনগনের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন সংগঠন ধর্ষন বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামছুল হুদা সোয়েব, সুমাইয়া ইসলাম ঐশী, তানজিন সুলতানা, জিয়ন রায়হান, বাবু দেব, মিল্টন খন্দকার, আতাউর রহমান আতা, মুরসালিন ইসলাম, মাহমুদুল হাসান, সামিউল আলম, আলমগীর হোসেন, সৌমিক দে রাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এ দেশে এখনো নারীরা স্বাধীন হতে পারেনি। তাই আজ নারীরা ঘরে-বাইরে ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই। দ্রুত নারী নির্যতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান। এছাড়া মানববন্ধন শেষে ধর্ষন বিরোধী শপথ পাঠ করেন উপস্থিত সর্বস্তরের জনতা।
এছাড়া একই দাবীতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাগো বাংলাদেশ এবং ভূরুঙ্গামারীতে প্রতিবাদ করেছে গ্রীন ভয়েস সরকারি কলেজ শাখা। প্রতিবাদ প্রতিরোধে এখনই সময় স্লোগান নিয়ে বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশ শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, ডি.এম একাডেমির প্রধান শিক্ষক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কে.এম আনিছুর রহমান, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগরিক কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষক আয়েশা সিদ্দিকা সুমি, শিক্ষার্থী এনামুল হক, দিপক কুমার প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু ধর্ষকরা আড়ালেই থেকে যাচ্ছে। বিলম্বিত বিচার ব্যবস্থার জন্য মানুষ এসব ঘটনা ঘটাচ্ছে। এ সময় সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীকে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতসহ সকল ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
কেএস/বার্তাবাজার