বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনের মত সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
সাক্ষ্য গ্রহণের শুরুতেই মামলার অন্যতম আসামি বুয়েট ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহার পক্ষে জেরা করতে আইনজীবীকে বলেন বিচারক। তবে অমিত সাহার আইনজীবী মুনজুর আলম নিহত আবরারের বাবা মো. বরকত উল্লাহকে জেরা করতে অসম্মতি প্রকাশ করেন।
তিনি আবরারের বাবাকে জেরা করতে অস্বীকার (ডিকলাইন) ঘোষণা করেন। ফলে আবরারের বাবাকে জেরা ছাড়াই অমিত সাহার পক্ষে জেরা শেষ হয়।
এ বিষয়ে পমিত সাহার আইনজীবী মুনজুর আলম জানান, ‘নিহত আবরারের বাবা তাঁর দাখিলকৃত এজাহার ও সাক্ষীর জবানবন্দিতে অমিত সাহার নাম বলেননি। তাই আমরা অমিত সাহার পক্ষে জেরা করিনি। সাক্ষীকে (আবরারের বাবা) আমরা জেরা করতে অস্বীকার (ডিকলাইন) করেছি।’
এদিকে সাক্ষ্য গ্রহণের কার্যক্রম আজও শেষ না হওয়ায় বিচারক আগামীকাল আবারও সাক্ষীর দিন ধার্য করেছেন। এর আগে গতকাল আদালতে আবরারের বাবা মো. বরকত উল্লাহ সাক্ষ্য দেন এবং পরে জেরা শুরু হয়।
বার্তাবাজার/এসজে