নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে পাশবিক নির্যাতন, দেশব্যাপী ধর্ষণ, নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষণের দ্রুত বিচার আইন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা কওমী উলামা ঐক্য পরিষদের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী তামিম হোসাইন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কুতুবউদ্দিন ফরিদী, আলফাডাঙ্গা নূরানীয়া আঞ্চলিক বোর্ডের সভাপতি হাফেজ মাওলানা মো. আমানুল্লাহ্, হেলেঞ্চাহাটি কঠুরাকান্দী মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানুল্লাহ্ ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিম প্রমুখ।
বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ধর্ষণের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবি জানান।
বার্তা বাজার / ডি.এস