চায়ের দোকানে পাওনা ২২০ টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলার মোরার বাজারের আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন, উপজেলার আহমদপুর গ্রামের রইছ আলীর ছেলে ছমির মিয়া (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মছব্বির আলীর চায়ের দোকানে নিহত ছমির মিয়ার ভাগ্নে পারভেজের সঙ্গে চা দোকানি মছব্বিরের ২২০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এসময় ভাগ্নের সঙ্গে সংঘর্ষ দেখে ছমির মিয়া এগিয়ে গেলে চা দোকানি মছব্বিরের পক্ষের লোকজন তাকে মারধর করেন। আহত অবস্থায় ছমির মিয়াকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ছমির মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
বার্তা বাজার / ডি.এস