যশোরের শার্শায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)। তারা একে-অপরের খালাত ভাই।
তারা দুজনই কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করে ওয়াইফাই ক্যাবল অপারেটর হিসেবে কাজ করতেন।
জানা যায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই ক্যাবলের কাজ শেষে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাভারণ কলোনি মোড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গেলে ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে