করোনার প্রভাবে দফায় দফায় লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে লেবাননের ভবিষ্যত। যার বড় ধরনের প্রভাব পড়েছে বাংলাদেশি প্রবাসীদের ওপর।
দীর্ঘ এক বছর ধরে লেবাননের অর্থনীতির চাকা ভেঙে পড়ায় বিপাকে পড়েছে দেশে বসবাসরত বাংলদেশী প্রবাসীরা। দেশে ফিরতে চান হাজারও প্রবাসী। ২০১৯ সালে সেপ্টেম্বরে দেশে ফিরতে দূতাবাসে নাম নিবন্ধন করেন সাড়ে ৭ হাজারের অধিক প্রবাসী।
লেবাননের ডলার সংকট, চাকরি না থাকায় দেশে চলে আসতে চান বলে জানান প্রবাসীরা। তারা জানান, আগে একশ’ ডলার সমান দেড় লাখ লেবানিজ পাউন্ড লাগত; আর এখন আট লাখ লেবানিজ পাউন্ডের অধিক দিয়ে করতে হয় একশ’ ডলার। লেবানিজ নাগরিক নিজেরাও এ সংকটে ভুগছেন। এমন অবস্থায় প্রবাসীদের দেশে ফিরে আসা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।
এ বিষয়ে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন জানান, মোট ৭৬৩৪ প্রবাসী দেশে ফিরতে নাম নিবন্ধন করেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৪৩টি ফ্লাইটে ৭২২৮ জনকে আমরা দেশে পাঠিয়েছি। বাকিদের ছোটখাটো মামলাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করে পর্যায়ক্রমে তাদেরও দেশে পাঠানো হবে বলে জানান তিনি।
কেএস/বার্তাবাজার