জয়ের জন্য দরকার ছিলো ১৯৪ রান। আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের সামনে রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। যার ফলে বিফলে গেলো বাটলারের লড়াই। উল্টো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানের বড় ব্যবধানে হারতে হলো স্টিভেন স্মিথের রাজস্থান রয়্যালসকে।
১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জসশ্বি জসওয়ালের উইকেট হারিয়ে বড় ধরনের ধাক্কা খায় রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে স্মিথের দল। ৭ বলে ৬ রান করে আউট হন স্মিথ। সাঞ্জু স্যামসন ৩ বল খেলে আউট হন শূন্য রানে। মহিপাল লমরর ১৩ বলে করেন ১১ রান। এরপরই আউট হন জস বাটলার। ৪৪ বলে তিনি খেলেন ৭০ রানের ইনিংস। ৪টি বাউন্ডারি এবং ৫টি ছক্কার মার মারেন তিনি।
এরপরে আর কেউ ম্যাচের হাল ধরতে পারেননি। টম কুরান করেন ১৬ বলে ১৫ রান। জোফরা আরচার ১১ বলে ২৪ রান করে শেষ মুহূর্তে কিছুটা আশা জাগিয়ে তোলেন। স্রেয়াশ গোপাল ১, রাহুল তেওয়াতিয়া ৫ এবং অঙ্কিত রাজপুত করেন ২ রান।
মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন বুমরাহ। ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসন নেন ২টি করে উইকেট। রাহুল চাহার এবং কাইরন পোলার্ড নেন ১টি করে উইকেট।
কেএস/বার্তাবাজার