সম্প্রতি এমসি ছাত্রাবাসে গনধর্ষণ ও বেগমগঞ্জসহ দেশের সর্বত্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজি ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পাশাপাশি তিনি ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে চরম বর্বরতাকেও হার মানিয়েছে। এমতাবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করে মা-বোনদের ইজ্জত-আব্রু রক্ষা করুন।
পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের ফলে করোনা মহামারীর চেয়েও ছাত্রলীগ আজ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের লোকজন গুম, খুন ও ধর্ষণের মহোৎসবে মেতে ওঠে জাতিকে কলঙ্কিত করেছে। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগ এখন সারা দেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে।
তিনি আরও বলেন, সিলেটের এমসি কলেজের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই নোয়াখালীর বেগমগঞ্জে তাদের অপকর্ম সারা দেশের জনগণকে স্তম্ভিত করেছে। অব্যাহত ধর্ষণ ও জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেশের মা-বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ হলে সরকারকে পদত্যাগ করা উচিত।
বার্তাবাজার/এসজে