ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি ববি শিক্ষার্থীদের

নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশাল-পটুয়াখালী সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পুরো বাংলাদেশ আজ ধর্ষণ আর ধর্ষকদের চারণভূমিতে পরিণত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।

এই অবস্থা থেকে পরিত্রাণে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের কোন বিকল্প নেই। তাই যতদিন পর্যন্ত নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হবে ততদিন ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে যাবো।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন, ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের হৃদয় বিশ্বাস, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানের আক্তারুজ্জামান সিয়াম, বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু গাজী, অদিতি দাশ, আনিকা সরকার সিঁথি, প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর