দিনাজপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে সহায়তাকারীসহ আটক ২

দিনাজপুরের বিরল উপজেলায় ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বিরল থানায় একটি মামলা দায়ের হলে অভিযুক্তদের আটক করে পুলিশ।

গত সোমবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিপাড়ার বুদু মোহাম্মদের ছেলে লিটন হোসেন (৩০) ও রাণীপুকুর ইউনিয়নের সুমন ইসলামের মেয়ে মোছা. শানু আক্তার।(২৪)। এই ঘটনার আরেক আসামি কটিয়াপাড়ার বেলাল হোসেনে ছেলে মোস্তফা ওরফে ধলু (২৮) পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর ২ টার দিকে ঢাকায় ভালো বেতনের চাকুরীসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে মোছা. শানু ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাবালিকা কন্যাকে লিটন হোসেন ও মোস্তফার হাতে তুলে দেয়।

পরে শানুর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় চার্জার অটোযোগে প্রথমে চককাঞ্চন এলাকার জীবনমহল পার্কে নিয়ে গিয়ে একটি ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে লিটন ও মোস্তফা জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিমকে পরের দিন ঢাকার বাইপাইল নামক স্থানে অজ্ঞাতনামা এক বাসায় নিয়ে গিয়ে আবারো দুজনে ধর্ষণ করে।

এদিকে শিশুটির পরিবার স্কুল পড়ুয়া মেয়েকে না পেয়ে সন্ধানকালে ভিকটিমের সাথে শানুকে এলাকার লোকজন কথা বলতে দেখেছে বলে জানায়। এসময় শানুকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভিকটিমকে ওই দুজনের হাতে তুলে দেয়ার কথা স্বীকার করে।

এরপর মোবাইলে যোগাযোগের মাধ্যমে ৪ অক্টোবর রাতে ওই শিশুটি বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের বিষয়টি খুলে বলে। পরে শিশুটির প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সোমবার রাতে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে থানায় শিশুটির বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) ৭/৯ (৩)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই ২ আসাসিকে গ্রেফতার করে পুলিশ।

বিরল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি মোস্তফা পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর