বিধবা ধর্ষণ: ৬০ হাজার টাকায় মীমাংসা করে দিলেন নারী কাউন্সিলর!

নারায়ণগঞ্জ বন্দরে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনা মাত্র ৬০ হাজার টাকা দিয়ে ধামাচাপা দিয়ে অভিযুক্ত খোকাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় নারী কাউন্সিলরের নামে। গতরাতে (সোমবার) উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় এক সালিশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, বন্দর উপজেলার দড়িসোনাকান্দা এলাকায় তিন সন্তানের জননী এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বাড়িওয়ালার ছেলে খোকা। রোববার (৪ অক্টোবর) রাতে ওই নারীকে খোকা জোড়পূর্বক ধর্ষণ করেন।

পরে ওই নারী রাতেই ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরণাপন্ন হন ধর্ষক খোকার মা। সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলির নিজ বাস ভবনে এক সালিশ বৈঠকের আয়োজন করে। সালিশে কাউন্সিলর শিউলি ধর্ষক খোকাকে ৬০ হাজার জরিমানা করেন।

ভুক্তভোগী ওই নারী জানান, ওই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়ির মালিকের ছেলে খোকা আমাকে বিরক্ত করতেন। রোববার রাতে খোকা জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি স্থানীয়দের জানিয়েছি। এ ঘটনায় সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে সালিশ বৈঠক হয়। সেখানে খোকাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আগামী এক মাস পরে দেওয়া কথা বলে আমার কাছ থেকে সাদা কাগজে সই নেন বৈঠকে উপস্থিত স্থানীয় মাতব্বরা।

এ বিষয়ে কাউন্সিলর শিউলি নওশাদ জানান, মোবাইল ফোনে আপনার সঙ্গে এসব কথা বলা সম্ভব না। সাক্ষাতে কথা বলবো।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বিধবা ধর্ষণের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর