সিরাজগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা আ’লীগ ও প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গ্রামের বাড়ি উত্তর সারটিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের ছেলে শিক্ষক নেতা মো. আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ ও সদর থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। গাজী আবুল হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
স্বাধীনতা-পরবর্তীকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন সোমবার (৫ অক্টোবর) ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
কেএস/বার্তাবাজার