মাগুরার শ্রীপুরে ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় মশিউর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। হত্যাকাণ্ডের জেরে অভিযুক্তদের পক্ষের ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ বিষয়ে নিহতের স্ত্রী জানান, উপজেলার শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থক সিহাব বেশ কিছুদিন ধরে মশিউরের ভাতিজিকে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় মশিউর রহমান ও তাঁর মামাতো ভাই ডলার মিয়ার সঙ্গে প্রতিপক্ষ দলের মুক্তার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন।
এর জের ধরে সিহাব ও মশিউরসহ তাঁদের লোকজন আজ সকালে মশিউর রহমানকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
মাগুরার শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে